নির্বাচনের আগে ঢাকা শহরে নতুন ভোটার তালিকা প্রণয়নের দাবি জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
শনিবার (৪ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, যারা স্থায়ীভাবে ঢাকায় বসবাস করেন, তাদেরই এখানকার ভোটার হওয়া উচিত। অন্য জেলা থেকে এসে ভোটের সময় ঢাকায় ভোট দেওয়া—এটি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।
নির্বাচনি ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, ঢাকার কিছু এলাকায় ভোটার সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়েছে, যা নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে।
তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি চ্যালেঞ্জিং হলেও বর্তমান সরকার পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে।
আবদুস সালাম বলেন, অতীতের নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে বিএনপি ক্ষমতায় এসেছে বলেও তিনি দাবি করেন।
সভায় তিনি বিএনপি ও দলীয় নেতৃত্বের ভূমিকাও তুলে ধরেন এবং মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস নিয়ে বিভিন্ন মন্তব্য করেন।

