নবীন মাহমুদ,
ঝালকাঠির রাজাপুরে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খলিলুর রহমান (৪৫) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছেন।
শনিবার দুপুরে রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের সমবায় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সঙ্গে একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক খলিলুর রহমান ঘটনাস্থলেই মারা যান । দ্রুত ফায়ার সার্ভিস এসে অন্য কয়েকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নিহত খলিল উপজেলার পুটিয়াখালি গ্রামের বাসিন্দা।
রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করে।

