রংপুর মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নের রামনাথপুর গ্রামে মাহমুদুল হাসান নামের এক ব্যক্তি ১ম স্ত্রীর অবগতির বাইরে ২য় বিয়ে করার পর সামাজিক ও স্থানীয় প্রভাব বিস্তারের জন্য এক নাটকীয় পরিস্থিতি সৃষ্টি করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাহমুদুল হাসান লালু মিয়ার ছেলে। ২য় বিয়ের পর তিনি নতুন স্ত্রীর সঙ্গে জায়গীর বাস স্ট্যান্ডের পার্শ্বে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।
ঘটনার জটিলতা বেড়ে যায়, যখন ১ম স্ত্রী তার স্বামীর ২য় বিয়ের খবর জানতে পারেন। ধরাপড়ার ভয়ে মাহমুদুল হাসান ২য় স্ত্রীকে তার বাবার বাড়ী পাঠান, তবুও পরিস্থিতি শান্ত হয়নি। ১ম স্ত্রী ক্ষুব্ধ হয়ে স্থানীয় মাদ্রাসা পরিচালক জাহাঙ্গীরের ওপর দায় চাপানোর অভিযোগ তোলেন এবং অপ্রত্যাশিত হামলা ও হুমকি-ধামকি চালান।
মাদ্রাসা পরিচালক জাহাঙ্গীর সাংবাদিকদের জানান, তিনি মাহমুদুল হাসানের পারিবারিক বিষয় সম্পর্কে আগে থেকে কিছুই জানতেন না। অভিযোগ অনুসারে, মাহমুদুল হাসান নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে পরিচালক জাহাঙ্গীরের মান-সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করেছেন। পরবর্তীতে মাহমুদুল হাসান সত্য স্বীকার করতে বাধ্য হন এবং নিশ্চিত করেন যে, পরিচালক জাহাঙ্গীর তার ২য় বিয়ে ও পারিবারিক বিষয়ে সম্পূর্ণ অবগত ছিলেন না।
স্থানীয়রা জানিয়েছেন, এই ঘটনা সামাজিক ও পারিবারিক সম্পর্কের নাজুক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং গ্রামের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।

