মধ্যপ্রাচ্যে চলমান ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই যুদ্ধ বন্ধ করে শান্তিপূর্ণ পন্থায় সমস্যা সমাধানের আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান তাঁর পোস্টে উল্লেখ করেন, ইরানে সাম্প্রতিক আক্রমণ ও পাল্টা আক্রমণের ফলে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা ইতোমধ্যেই বিপুল প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই যুদ্ধাবস্থা শুধু সংশ্লিষ্ট অঞ্চলকেই নয়, বরং গোটা বিশ্বের অর্থনীতি ও জ্বালানি প্রবাহকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলেছে।
দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির ওপর আলোকপাত করে তিনি বলেন, “জ্বালানি সংকটকে কেন্দ্র করে ইতোমধ্যেই জনজীবনে দারুণ সমস্যা তৈরি হয়েছে।” তিনি আরও উল্লেখ করেন:
দীর্ঘ ঈদ ও রোজার ছুটি শেষে আগামী ২৯ মার্চ থেকে অফিস-আদালত ও কলকারখানা পূর্ণরূপে চালু হবে, ফলে সংকট আরও ঘনীভূত হতে পারে। সাধারণ মানুষকে জ্বালানি সংগ্রহের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যা এক বিরক্তিকর ভোগান্তিতে রূপ নিয়েছে।
এই সংকট শুধু যানবাহন বা বিদ্যুৎ সরবরাহে সীমাবদ্ধ নয়, বরং কৃষি, শিল্প উৎপাদন এবং ইন্টারনেটের গতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে।
বিশ্বনেতৃত্ব ও সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, “আপনাদের এই যুদ্ধের দাবানল বিশ্বের শত শত কোটি মানুষের যন্ত্রণা ও দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। দয়া করে বিশ্ববাসীকে আর কষ্ট দেবেন না।” তিনি সকল পক্ষকে অবিলম্বে যুদ্ধ বন্ধ করে আলোচনার টেবিলে বসার অনুরোধ জানান।

