ড. খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে যাচ্ছেন। ২০২৪ সাল থেকে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।
ড. খলিলুর রহমান শিক্ষাজীবনে অসাধারণ ছিলেন। ১৯৭৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। ১৯৭৯ সালে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (পররাষ্ট্র) ক্যাডারে যোগ দেন। যুক্তরাষ্ট্রের টাফটস এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের মাধ্যমে তিনি আইন, আন্তর্জাতিক সম্পর্ক এবং অর্থনীতিতে উচ্চশিক্ষা লাভ করেন, যেখানে তিনি এমএ ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তার কর্মজীবন শুরু হয় ১৯৮৩ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগে এবং পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে। ১৯৮৫ সালে তাকে নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে বদলি করা হয়। ১৯৯১ সালে তিনি জেনেভায় জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (আঙ্কটাড) এ বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
দীর্ঘ অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে দক্ষতা তার নেতৃত্বকে আরও শক্তিশালী করছে। বিশেষজ্ঞরা আশা করছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণের পর তিনি দেশের আন্তর্জাতিক সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দেবেন।

