জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য পদত্যাগ করা নেতাদের আমজনতার দলে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান পোস্টে লিখেছেন, “জামায়াতের কারণে যারা এনসিপি ছাড়ছেন, তাদের জন্য আমজনতার দলের দরজা খোলা আছে।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির সমঝোতার খবর সামনে আসার পর শনিবার এনসিপি থেকে পদত্যাগ করেন যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন। এর আগে, শুক্রবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন।
নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময়সীমা সোমবার বিকেল ৫টায় শেষ হবে। এই সময়ের মধ্যে এনসিপিতে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে পদত্যাগী নেতাদের নিজের দলে আমন্ত্রণ জানান তারেক রহমান।
তিনি আরও লিখেছেন, “আমাদের রাজনৈতিক ইতিহাসে মতবিরোধ থাকতে পারে, কিন্তু অর্থনৈতিক কেলেঙ্কারির কোনো ইতিহাস নেই। প্রয়োজন হলে আমরা জনগণের কাছে গিয়েছি, কারও ওপর জোর করে অর্থ সংগ্রহ করি নি। নির্বাচনে আমরা সহযোগিতা করব। যাঁরা মুক্তিযুদ্ধের পক্ষের সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের জন্য এই ছাড় থাকবে।”
জানা গেছে, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে এনসিপি যাতে যোগ না দেয়—এই দাবিতে শনিবার দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে ৩০ নেতা চিঠি দেন। তবে এ বিষয়ে তার কোনো প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।
এদিকে, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে নির্বাচন কমিশনের সামনে অনশনে বসা আমজনতার দল সম্প্রতি নিবন্ধন লাভ করেছে। ২১ ডিসেম্বর দলটি ‘প্রজাপতি’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে।
এছাড়া, জামায়াতে ইসলামী সঙ্গে জোটের আলোচনার পর এনসিপিতে ধারাবাহিক পদত্যাগের ঘটনা ঘটেছে। ২৫ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও নির্বাহী কাউন্সিল সদস্য মীর আরশাদুল হক পদত্যাগ করেন। ২৭ ডিসেম্বর পদত্যাগ করেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। সর্বশেষ ২৮ ডিসেম্বর পদত্যাগের ঘোষণা দেন তাজনূভা জাবীন এবং ফেনী-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আবুল কাশেম।

