আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার মঙ্গলবার (১৭ মার্চ) গণমাধ্যমকে জানিয়েছেন, যেকোনো এলাকায় অপরিচিত ব্যক্তির সন্দেহজনক আনাগোনা, বারবার মোটরসাইকেলে ঘোরাফেরা বা অস্বাভাবিক জমায়েত লক্ষ্য করলে স্থানীয়দের সতর্ক থাকার প্রয়োজন।
তিনি বলেন, সীমিত জনবল নিয়েও পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনী সমন্বিতভাবে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। তবে জনসচেতনতা ও জনগণের সহযোগিতা অপরিহার্য। জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা কম হলেও দেশের কল্যাণ, জনগণের নিরাপত্তা ও অপরাধ দমন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
ডিএমপি কমিশনার সতর্ক করে বলেন, হঠাৎ নতুন বা অপরিচিত লোকজনের উপস্থিতি, মোটরসাইকেল নিয়ে বারবার ঘোরাফেরা, বা অচেনা লোকের অস্বাভাবিক জমায়েত দেখলে স্থানীয়রা তাদের পরিচয় ও উদ্দেশ্য জানার চেষ্টা করবেন। প্রয়োজনে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে দ্রুত অবহিত করার আহ্বান জানান তিনি।
সর্বশেষ তিনি সবাইকে সতর্ক ও সচেতন থেকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে সহযোগিতা করার জন্য উৎসাহিত করেছেন।

