ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী জামালপুর জেলা সফর করেছেন। আজ ১ মার্চ রোববার সকালে তিনি জেলা সদরে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
সফরের শুরুতে বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীকে জামালপুর জেলা পুলিশের পক্ষ থেকে ‘গার্ড অফ অনার’ প্রদান করা হয়। গার্ড অফ অনার গ্রহণ শেষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান জামালপুরের জেলা প্রশাসক মুহাম্মদ ইউসুফ আলী এবং পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।
সফরকালে বিভাগীয় কমিশনার জামালপুর জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ডের খোঁজখবর নেন এবং জনসেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। সরকারের উন্নয়ন প্রকল্পগুলো স্বচ্ছতা ও দ্রুততার সাথে সম্পন্ন করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
বিভাগীয় কমিশনারের এই সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক কার্যক্রমের সার্বিক অগ্রগতি তুলে ধরা হয়।

