ঝিনাইদহের মহেশপুরে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে হলুদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকালে উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এই উপকরণসমূহ তুলে দেওয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। তিনি তাঁর বক্তব্যে কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামের নায়েবে আমীর মাওলানা আব্দুল বারী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম এবং উপ-সহকারী কৃষি অফিসার ফারুকুজ্জামান প্রমুখ।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় এলাকার ৪০ জন নির্বাচিত কৃষকের প্রত্যেককে ২০ শতাংশ জমিতে চাষের উপযোগী উপকরণ প্রদান করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১০০ কেজি উন্নত জাতের হলুদ বীজ, ৫ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার।
উপস্থিত কৃষকরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সময়মতো বীজ ও সার পাওয়ায় তারা অনেকটা নিশ্চিন্তে চাষাবাদ শুরু করতে পারবেন। কৃষি বিভাগ আশা করছে, এই প্রণোদনার ফলে উপজেলায় হলুদের আবাদ ও ফলন ইতিবাচকভাবে বৃদ্ধি পাবে।

