সামসুল হক জুয়েল,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য গাজীপুরের ৫টি সংসদীয় আসনের ভোটকেন্দ্রে নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু হয়েছে। রোববার দুপুর থেকে জেলা প্রশাসক কার্যালয় থেকে ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনী সামগ্রী কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বিতরণ করা হয়।
এর আগে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ব্যালট বিতরণ স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন। পরে বিষয়টি নিয়ে আলোচনা শেষে নতুন নির্দেশনা জারি করা হয়, যার মাধ্যমে ৮ ফেব্রুয়ারি থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিতরণ কার্যক্রম শুরু করার অনুমোদন দেওয়া হয়। ব্যালট গ্রহণের সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা বা ক্ষমতাপত্রসহ অফিসিয়াল প্রতিনিধি উপস্থিত থাকবেন।
নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পুলিশ এবং ইসির মনিটরিং টিম তৎপর রয়েছে। ভোটগ্রহণের দিন সব কেন্দ্রে পর্যাপ্ত ব্যালট, ভোটকর্মী ও নিরাপত্তা থাকবে। পুলিশ নিশ্চিত করেছে, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটের আগে ও পরে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে।
গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন।

