সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) বিকেল ৩টায় উপজেলা প্রশাসন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং কুলাউড়া পৌরসভার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি নারীর ক্ষমতায়ন,শিক্ষা এবং সামাজিক উন্নয়নে নারীদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন;কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্ছু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল,কুলাউড়া পৌরসভার প্রধান নির্বাহী শরদিন্দু রায়, কুলাউড়া থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান,কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি আজিজুল ইসলাম এবং কবি ভানু পুরকায়স্থসহ আরও অনেকে।
এসময় মহিলা বিষয়ক কার্যালয়ের বিভিন্ন কর্মসূচির সুবিধাভোগী নারীরাও অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন,নারী-পুরুষ সমতার ভিত্তিতে একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে নারীদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক নারী দিবসের এই আয়োজন সেই সচেতনতা আরও জোরদার করতে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

