উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী মো. কাওসার হাওলাদারের একমাত্র জীবিকার অবলম্বন মুদির দোকানে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে তা পুড়িয়ে দিয়েছে। এতে তার জীবিকার একমাত্র সম্বলটি ছাই হয়ে গেছে।
রবিবার (৮ মার্চ) গভীর রাতে ঢাকা–বরিশাল মহাসড়কের সানুহার মাধ্যমিক বিদ্যালয় সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী কাওসার দীর্ঘদিন ধরে একটি ছোট মুদি দোকান চালিয়ে কোনো রকমে সংসার চালিয়ে আসছিলেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা দোকানটিতে আগুন ধরিয়ে দিলে মুহূর্তের মধ্যে দোকানটি পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত কাওসার হাওলাদার জানান, কয়েকজন ধূমপায়ী প্রায়ই তার দোকানে এসে বিড়ি–সিগারেট কিনতে চাইতেন। কিন্তু তিনি ধূমপানজাত পণ্য বিক্রি করবেন না বলে জানিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই মাদক ও ধূমপানসেবীরা তার দোকানে আগুন দিতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।
এ বিষয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করা হবে।

