জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সহধর্মিনী দিলারা হাফিজ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৮ মার্চ ২০২৬) সকাল ১১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দিলারা হাফিজ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে অবস্থান করছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাঁর এই আকস্মিক প্রয়াণে ভোলার তজুমদ্দিন ও লালমোহনসহ সারা দেশে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমা দিলারা হাফিজের প্রথম জানাজার নামাজ আগামী ৩০ মার্চ (সোমবার) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এরপর তাঁর মরদেহ দাফনের জন্য পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হবে।
স্পিকারের সহধর্মিনীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ভোলার সর্বস্তরের জনগণ তাদের প্রিয় নেতার জীবনসঙ্গিনীর মৃত্যুতে শোকস্তব্ধ।

