নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে একটি বসতবাড়ির ছাদে পানির ট্যাংকিতে লুকিয়ে রাখা ৭৫০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। পরে এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান। এ সময় বসির সারেং ওরফে বসু সেরাংয়ের বাড়িতে থাকা পানির ট্যাংকিতে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের প্রমাণ পাওয়া যায়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই ট্যাংক ব্যবহার করে গোপনে ডিজেল সংরক্ষণ করা হচ্ছিল, যা জনবসতিপূর্ণ এলাকায় বড় ধরনের ঝুঁকি তৈরি করেছিল। ধারণা করা হচ্ছে, অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যেই এ তেল মজুত করা হয়েছিল।
পরে জব্দ করা ৭৫০ লিটার ডিজেল নিলামের মাধ্যমে লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়। পাশাপাশি পেট্রোলিয়াম আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

