ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের চাপ এবং একাধিক যানবাহন বিকল হয়ে পড়ায় দীর্ঘ প্রায় ২৮ ঘণ্টা যানজটের পর অবশেষে স্বাভাবিক হয়েছে সিরাজগঞ্জ মহাসড়ক ও যমুনা সেতু এলাকার যান চলাচল।
শুক্রবার (২৭ মার্চ) ভোর থেকে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ অংশে হঠাৎ যানবাহনের চাপ বাড়তে থাকে। এতে সয়দাবাদ ও কড্ডারমোড়সহ আশপাশের এলাকায় ধীরে ধীরে তীব্র যানজট ছড়িয়ে পড়ে। পরে টোল প্লাজা থেকে শুরু করে সায়দাবাদ রেলওয়ে স্টেশন পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
জানা যায়, সেতুর পূর্ব পাশে টাঙ্গাইল অংশে সড়ক দুর্ঘটনা এবং মহাসড়কে একাধিক গাড়ি বিকল হয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। যানবাহনের চাপ সামাল দিতে একপর্যায়ে যমুনা সেতুর চারটি লেনই ঢাকামুখী যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
এ সময় যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়। ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী এক যাত্রী জানান, রাত থেকে ভোর পর্যন্ত যাত্রা করলেও সিরাজগঞ্জ এলাকায় এসে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হয়। কবে ঢাকায় পৌঁছাতে পারবেন তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়।
পরিস্থিতি দীর্ঘ সময় ধরে চলার পর শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৮টার পর থেকে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম জানান, সকাল ৮টার পর থেকেই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং বর্তমানে কোথাও কোনো যানজট নেই।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, যানবাহনের অতিরিক্ত চাপ ও কিছু গাড়ি বিকল হয়ে পড়ার কারণে যান চলাচল ধীর হয়ে গিয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

