স্টাফ রিপোর্টার:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে গণতন্ত্র মঞ্চ ৪ অক্টোবর ২০২৫-এর মধ্যে প্রার্থী তালিকার প্রাথমিক বাছাই সম্পন্ন করবে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সেগুনবাগিচায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে মঞ্চের পরিচালনা পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু।
সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এড. হাসনাত কাইযয়ূম, জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রবসহ মঞ্চের বিভিন্ন শীর্ষ নেতা।
সভায় জানানো হয়, গণতন্ত্র মঞ্চের ছয়টি দল নিজেদের প্রার্থী তালিকা তৈরি করে আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত সভায় জমা দেবে এবং প্রাথমিক বাছাই সম্পন্ন করা হবে।
এছাড়া সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই সনদ বাস্তবায়ন এবং দলগুলোর মধ্যে ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। নেতৃবৃন্দ বলেন, আলাপ-আলোচনার পথ খোলা আছে এবং বিভিন্ন অবস্থান সত্ত্বেও অনেক বিষয়ে ঐকমত্যে পৌঁছানো গেছে। তাই সংঘাত নয়, বরং আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের পথ তৈরি করতে হবে।
সভায় সিদ্ধান্ত হয়— এনসিপি, গণ অধিকার পরিষদ ও এবি পার্টির সাথে প্রথম দফার আলোচনার পর এবার বাম দল ও অন্যান্য ক্রিয়াশীল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সমঝোতায় পৌঁছার উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে নেতৃবৃন্দ ঘোষণা করেন, আগামী ২৯ সেপ্টেম্বর বিকাল ৩টায় ঢাকেশ্বরী মন্দির থেকে পূজা মণ্ডপ পরিদর্শন কার্যক্রম শুরু করবে গণতন্ত্র মঞ্চ।

