বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, গণতন্ত্র একটি আস্থার জায়গা, যেখানে সরকার ও বিরোধী দলকে পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে দায়িত্ব পালন করতে হয়।
শনিবার (১২ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্য মো. রেজাউল করিম বাদশা ও মো. মাহমুদুল হক রুবেলের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
চীফ হুইপ জানান, শপথ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান নবনির্বাচিত সদস্যদের উদ্দেশে বলেন, কোনো সমস্যা হলে প্রশাসনের সহায়তা নিতে হবে এবং কখনো আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। জনগণের কল্যাণ নিশ্চিত করাই নির্বাচিত প্রতিনিধিদের প্রধান দায়িত্ব।
জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, সরকার ভর্তুকির মাধ্যমে ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে, যা জনগণের কল্যাণে ব্যয় হবে। তিনি দাবি করেন, অতীতে বিপুল পরিমাণ অর্থ পাচার হওয়ায় দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংসদীয় কার্যক্রম নিয়ে তিনি বলেন, সরকার ও বিরোধী দলের সমন্বয়ে গঠিত বিশেষ কমিটির মাধ্যমে ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই করা হয়েছে। এর মধ্যে ১৬টিতে সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ১১৭টি অধ্যাদেশ পাস করা হয়েছে, যা দেশের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা।
তিনি আরও বলেন, একটি ঘটনায় ভুল তথ্যের ভিত্তিতে সংসদে বক্তব্য দেওয়া হয়েছে, যা পরে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। এ ধরনের ক্ষেত্রে তথ্য যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
চীফ হুইপ বলেন, বিরোধী দলের ওয়াকআউট গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ এবং এটি তাদের অধিকার। পাশাপাশি তিনি ১৯৭১ থেকে শুরু করে বিভিন্ন ঐতিহাসিক ঘটনাকে একত্র করে ‘জুলাই জাদুঘর’ সমৃদ্ধ করার পরিকল্পনার কথাও তুলে ধরেন।

