লিমন মিয়া, সরিষাবাড়ী (জামালপুর)
জামালপুরের সরিষাবাড়ীতে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছেন সরকারি কর্মচারীরা।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সরিষাবাড়ী উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত কর্মচারীরা অংশ নেন। সমাবেশে বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম লিটন, উপ-প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের ও শেখ জাহাঙ্গীর, উপজেলা পরিষদের প্রধান সহকারী মোহাম্মদ মাজেদুল ইসলাম মাসুদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী মোহাম্মদ সোহাগ মিয়া।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি উপেক্ষিত থাকায় কর্মচারীরা বাধ্য হয়ে আন্দোলনে নামতে হয়েছে। অবিলম্বে ৯ম পে-স্কেল বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মবিরতি পালন করেন সরকারি কর্মচারীরা।

