মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছে। আদালতের বক্তব্য, এই ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য।
রোববার (৪ জানুয়ারি) বিবিসির প্রতিবেদনে বলা হয়, মাদুরোর অনুপস্থিতিতে রাষ্ট্র পরিচালনায় শূন্যতা এড়াতে ডেলসি রদ্রিগেজকে সাময়িকভাবে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। আদালত আরও জানিয়েছে, রাষ্ট্র পরিচালনার বৈধতা, সরকার পরিচালনা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রযোজ্য আইনগত কাঠামো নির্ধারণে ভবিষ্যতে আরও আলোচনা ও পর্যালোচনা হবে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ডেলসি রদ্রিগেজ যদি যুক্তরাষ্ট্রের প্রত্যাশা অনুযায়ী পদক্ষেপ নেন, তাহলে দেশে সরাসরি মার্কিন সেনা মোতায়েনের প্রয়োজন হবে না। ট্রাম্প আরও বলেন, ডেলসি ইতোমধ্যে অন্তর্বর্তী রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নিয়েছেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সমন্বয় করতে সম্মত হয়েছেন।
এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আপাতত ভেনেজুয়েলার রাষ্ট্রক্ষমতায় অন্তর্বর্তী নেতৃত্বের ব্যবস্থা কার্যকর হয়েছে।

