ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩১ জনে। মঙ্গলবার (২ ডিসেম্বর) পর্যন্ত প্রায় ১০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে। সরকারি হিসাবে নিখোঁজ রয়েছেন আরও প্রায় ৫০০ জন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে মালাক্কা প্রণালী এলাকায় সৃষ্ট একটি বিরল ঘূর্ণিঝড় ইন্দোনেশিয়ার অন্তত তিনটি প্রদেশে আঘাত হানে। এর ফলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্যমতে প্রায় ১৪ লাখ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এই দুর্যোগের প্রভাব শুধু ইন্দোনেশিয়ায় সীমাবদ্ধ নেই। প্রতিবেশী থাইল্যান্ড, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কাতেও বন্যা ও ভূমিধসের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং শত শত মানুষের মৃত্যু হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে উত্তর সুমাত্রার আচেহ ও পশ্চিম সুমাত্রা অঞ্চল। অনেক এলাকায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় হাজার হাজার মানুষ কঠিন মানবিক সংকটে দিন কাটাচ্ছেন।
সরকার জরুরি পরিস্থিতি মোকাবিলায় সামরিক বাহিনীসহ বিভিন্ন সংস্থা মাঠে নামিয়েছে। খাদ্য, চিকিৎসা সরঞ্জাম, বিশুদ্ধ পানি সরবরাহ এবং নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে চলছে সমন্বিত ত্রাণ কার্যক্রম।
এদিকে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় প্রশাসন সতর্কতা জারি করেছে এবং দুর্যোগপ্রবণ এলাকাগুলোয় নতুন করে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

