মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) অ্যাসেট (ASSET) প্রকল্পের বাস্তবায়নে রাজবাড়ী সদর হাসপাতাল নার্সিং ইনস্টিটিউটে এ চাকরি মেলা অনুষ্ঠিত হয়।
নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ রুমা হাজারিকার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস এম এ হান্নান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর (ডিপিডি) ডা. মেহবুবা সাঈদ এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক শাহানা ইয়াসমিন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নার্সিং পেশায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এ ধরনের চাকরি মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীরা সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের সুযোগ পেয়ে উপকৃত হয়েছেন বলে আয়োজকরা জানান।
দিনব্যাপী এ চাকরি মেলায় নার্সিং শিক্ষার্থীরা অংশগ্রহণ করে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎকার ও তথ্য বিনিময় করেন।

