দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ অবস্থান করছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)। ঘূর্ণিঝড়টির প্রভাবে দেশের সব সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিএমডি। সর্বশেষ আজ দুপুর ১২টায় ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল:
চট্টগ্রাম সমুদ্রবন্দর: ১৯৪০ কি.মি. দক্ষিণপশ্চিমে।
কক্সবাজার সমুদ্রবন্দর: ১৮৮৫ কি.মি. দক্ষিণপশ্চিমে।
মোংলা ও পায়রা সমুদ্রবন্দর: ১৮২০ কি.মি. দক্ষিণপশ্চিমে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কি.মি., যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।
এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা— দেশের এই চার সমুদ্রবন্দরকেই ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে যেতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে।

