‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫’ বাতিল করে ‘সাইবার সুরক্ষা বিল-২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। নতুন এই আইনের মাধ্যমে সাইবার স্পেসে নিরাপত্তা জোরদার, অপরাধ শনাক্তকরণ, প্রতিরোধ, দমন এবং বিচার কার্যক্রমের জন্য প্রয়োজনীয় আইনি কাঠামো নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সংসদে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বিলটি উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে তা পাস হয়।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মে ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলা এবং সাইবার অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গড়তেই এই নতুন আইন প্রণয়ন করা হয়েছে।

