নিজস্ব প্রতিবেদক:
আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদর দপ্তরের ট্রেনিং সেন্টারে আয়োজিত “ডার্ক ওয়েব মনিটরিং ও ফরেনসিক অ্যানালাইসিস” শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) তারিখে সফলভাবে সমাপ্ত হয়েছে।
ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি (NCSA)-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ডার্ক ওয়েব সম্পর্কে আধুনিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা হয়।
প্রশিক্ষণে ডার্ক ওয়েবের কার্যপ্রণালী,থ্রেট ইন্টেলিজেন্স সংগ্রহের কৌশল,ডিজিটাল ফরেনসিক টুলস ও প্রযুক্তির ব্যবহার,সাইবার অপরাধ তদন্তের মৌলিক ধাপ এবং সাইবার অপরাধ প্রতিরোধে ডার্ক ওয়েব পর্যবেক্ষণের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণের অংশ হিসেবে অংশগ্রহণকারীদের জন্য একটি অনলাইন পরীক্ষারও আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপিবিএনের ডিআইজি (প্রশাসন) মোঃ সাজ্জাদুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন,”বর্তমান সময়ে সাইবার অপরাধ দ্রুত বিস্তার লাভ করছে এবং এর একটি বড় অংশ ডার্ক ওয়েবের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এসব অপরাধ কার্যকরভাবে মোকাবিলার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রযুক্তিনির্ভর জ্ঞান ও দক্ষতা অর্জন অত্যন্ত প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন,এ ধরনের প্রশিক্ষণ সাইবার অপরাধ তদন্ত ও প্রতিরোধে সংশ্লিষ্ট সদস্যদের দক্ষতা আরও বৃদ্ধি করবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; এপিবিএনের ডিআইজি (অপারেশন) ড. আল-মামুনুল আনসারী।
আয়োজকরা আশা প্রকাশ করেন,এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সাইবার অপরাধ তদন্ত ও প্রতিরোধে তাদের ভূমিকা আরও কার্যকর ও শক্তিশালী হবে।

