২২তম জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতায় কক্সবাজার জেলা দল ব্যাপক সফলতা অর্জন করেছে। তায়কোয়ানডো ফেডারেশনের উদ্যোগে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশের ৩০ জেলা, ক্লাব ও সংস্থা থেকে ৫৫০ জন সিনিয়র ও জুনিয়র খেলোয়াড় অংশগ্রহণ করেন।
কক্সবাজার জেলা দল জুনিয়র বিভাগে (পুরুষ-মহিলা) প্রথম রার্নার-আপ হয়। দল মোট ১৩টি পদক অর্জন করে—স্বর্ণ ৭টি এবং রূপা ৬টি। নেতৃত্ব দেন জেলা দলের প্রধান কোচ ও জাতীয় তায়কোয়ানডো ক্রীড়াবিদ মোহাম্মদ আবদুল্লাহ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো: মাহাবুব-উল-আলম। তিনি বিজয়ী খেলোয়াড়দের হাতে পদক ও সনদপত্র তুলে দেন এবং বলেন, “তায়কোয়ানডো শুধু শারীরিক সক্ষমতাই নয়, আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও নৈতিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের খেলোয়াড়রা আরও সাফল্য অর্জন করবে।”
কক্সবাজার জেলা দলের সাফল্যে অভিনন্দন জানিয়েছেন জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ আলাউদ্দিন, জেলা ক্রীড়া সংস্থা নেতৃবৃন্দ, বিভিন্ন ক্লাব ও একাডেমি, খেলোয়াড়, ক্রীড়া সাংবাদিক ও সংগঠকরা। জেলা দলের প্রধান কোচ মোহাম্মদ আবদুল্লাহও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

