আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান।
গতকাল কক্সবাজার পুলিশ লাইন্সে সভায় অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে জেলার সকল ভোটকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্পর্শকাতর এলাকায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা, সাহসিকতা ও দায়িত্বনিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন পুলিশ সুপার।
তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে জেলা পুলিশের প্রতিটি সদস্য নিষ্ঠা, ত্যাগ ও অটল মনোবল নিয়ে দায়িত্ব পালন করেছেন, যা সর্বমহলে প্রশংসিত হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন যে, আইন-শৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখার ক্ষেত্রে জেলা পুলিশ অত্যন্ত পেশাদার ও সমন্বিত ভূমিকা পালন করেছে। জেলার সার্বিক পরিস্থিতি শান্ত, স্থিতিশীল ও নিয়ন্ত্রিত রাখতে প্রতিটি সদস্যের আন্তরিক প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। জেলা পুলিশের অভিভাবক হিসেবে পুলিশ সুপার সকল অফিসার ও ফোর্সের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও একইভাবে সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এসময় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত সদস্যগণ তাঁদের নানাবিধ, সমস্যা ও কল্যাণ সংক্রান্ত প্রস্তাবনা উপস্থাপন করেন। পূর্ববর্তী কল্যাণ সভায় উত্থাপিত সমস্যাসমূহের সমাধান অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী কর্মকর্তা, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা এবং বিশেষ বিবেচনায় নির্বাচিত সদস্যদের ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
পরে বিকালে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত জানুয়ারি/২০২৬ মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পুলিশ সুপার সকল থানার অফিসার ইনচার্জগণের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সংশ্লিষ্ট থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

