আবু জাফর বিশ্বাস, বরিশাল প্রতিনিধি:
বরিশালে বিএনপিপন্থী আইনজীবীরা পূর্বঘোষিত আদালত বর্জন কর্মসূচি স্থগিত করেছেন। জেলা আইনজীবী সমিতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরিশাল ইউনিটের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ মার্চ থেকে বরিশালের আদালতগুলোতে স্বাভাবিক বিচারিক কার্যক্রম পুনরায় শুরু হবে।
জেলা আইনজীবী সমিতির সম্পাদক মির্জা মো. রিয়াজ হোসেন জানিয়েছেন, সাধারণ মানুষ ও বিচারপ্রার্থীদের দুর্ভোগ এড়িয়ে আদালতের স্বাভাবিক কার্যক্রম চালু রাখা জরুরি। একইসঙ্গে সব আইনজীবীকে আদালতের কাজে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
এর আগে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনূসের জামিন আদেশ ঘিরে আদালতে উত্তেজনা সৃষ্টি হয়। বিচারকের উপস্থিতিতে এজলাসে হামলা ও ভাঙচুরের অভিযোগে অন্তত ২০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়। সমিতির সভাপতি এস এম সাদিকুর রহমান লিংকন বর্তমানে কারাগারে রয়েছেন।
বিএনপিপন্থী আইনজীবীরা কয়েক দিন আদালত বর্জন করেন, যা আজ স্থগিত ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে কয়েক দিনের অচলাবস্থা কাটিয়ে বরিশালের আদালতগুলোতে ফের স্বাভাবিক বিচারিক কার্যক্রম চালু হবে বলে আশা করা হচ্ছে।

