রংপুর প্রতিনিধি :
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের কেন্দ্রীয় মসজিদের সামনে ১৮০ টির বেশি গাছ কাটাকে ঘিরে শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদ ও সমালোচনার মুখে নিলাম প্রক্রিয়া বাতিল ঘোষণা এবং এক কর্মচারীকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (১৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে গাছ কাটা প্রসঙ্গে প্রশাসনের ব্যাখ্যায় একথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে স্থায়ী কোনো ঈদগাহ মাঠ নেই। বিপুল সংখ্যক মুসল্লির ঈদের জামাত সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে মসজিদ পরিচালনা কমিটি মসজিদের সামনের স্থানটি উপযোগী করার সিদ্ধান্ত নেয়। এর অংশ হিসেবে সেখানে থাকা কিছু গাছ সরকারি বিধি অনুসরণ করে নিলামের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করা হয় এবং সর্বোচ্চ দরদাতার কাছে তা বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিক তথ্যে বিক্রয় প্রক্রিয়ায় কোনো প্রশাসনিক বা আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেন তারা।
তবে সংশ্লিষ্ট ক্রেতা ওয়ার্ক অর্ডার পাওয়ার আগেই কর্তৃপক্ষকে অবহিত না করে গাছ কাটার কাজ শুরু করেন, যা নিয়মবহির্ভূত বলে উল্লেখ করা হয়। বিষয়টি জানার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে এবং সংশ্লিষ্ট এক কর্মচারীকে শোকজ করা হয়েছে।
এছাড়াও পুরো বিষয়টি তদন্ত করে দায় নির্ধারণের পর আগামী ১ এপ্রিলের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়া হয়েছে। একই সঙ্গে ক্রেতা ওয়ার্ক অর্ডার পাওয়ার আগেই গাছ কাটার কাজ শুরু করায় তাকে ওয়ার্ক অর্ডার না দিয়ে পুরো নিলাম প্রক্রিয়া বাতিল করা হবে বলেও জানানো হয়।
এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের উদ্বেগ ও আবেগকে শ্রদ্ধার সাথে বিবেচনা এবং ক্যাম্পাসের পরিবেশ ও সবুজায়ন রক্ষায় তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। এই পরিকল্পনার অংশ হিসেবে আজ ক্যাম্পাসে একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে নিয়ে ৯০ টি গাছ রোপন করার উদ্যোগ নেওয়া হয়।
পাশাপাশি ভবিষ্যতে কোনো উন্নয়নমূলক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আরও সমন্বয় ও সংলাপের মাধ্যমে এগিয়ে যাওয়ার কথাও জানানো হয়।

