মোঃ জাহিদুল ইসলাম
বরিশাল জেলার বাকেরগঞ্জে বড় পাইকারি বাজার কলসকাঠি, বোয়ালিয়া, কালিগঞ্জসহ অন্যান্য বাজারে রমজানের আগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম তুঙ্গে পৌঁছেছে। খোঁজে দেখা গেছে, গত এক সপ্তাহের তুলনায় চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, পেঁয়াজ, সবজি—প্রায় সব ধরনের পণ্যের কেজি প্রতি দাম ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।
বিশেষত কাঁচামরিচ, বয়লার মুরগি, লেবু এবং গরুর মাংসের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীদের দাবি, সরবরাহ ঘাটতি এবং পরিবহন খরচ বৃদ্ধির কারণে মূল্যবৃদ্ধি ঘটেছে। তবে সাধারণ ক্রেতাদের অভিযোগ, রমজানকে সামনে রেখে কিছু অসাধু চক্র বাজার অস্থিতিশীল করছে।
একজন দিনমজুর বলেন, “প্রতিদিন যা আয় করি, তার অর্ধেকই এখন বাজারে চলে যাচ্ছে। সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।” মধ্যবিত্ত পরিবারের অভিভাবকরাও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন।
ভোক্তারা আশা করছেন, নতুন সরকার ও প্রশাসন দ্রুত নজরদারি বাড়াবে এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ নেবে। অন্যথায় মূল্যবৃদ্ধির চাপ সাধারণ মানুষের জীবনযাত্রায় আরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

