লিমন মিয়া, সরিষাবাড়ী:
মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরিষাবাড়ী উপজেলা যুব বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে উপজেলার আরামনগর বাজার মন্ডল চৌরাস্তা মোড়ে অবস্থিত জামায়াতে ইসলামীর সরিষাবাড়ী উপজেলা কার্যালয় থেকে র্যালি বের হয়।
শিমলা বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরিষাবাড়ী অনার্স কলেজ মাঠে গিয়ে শেষ হয়। এ সময় বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সেক্রেটারি এবং জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. আব্দুল আওয়াল।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা সিনিয়র সহকারী সেক্রেটারি মাওলানা মো. নুরুল হক জামালী, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. সুলতান মাহমুদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জামালপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মো. আছিমুল ইসলাম, সরিষাবাড়ী উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান দুলাল, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মনির উদ্দীন, উপজেলা শূরা সদস্য অধ্যাপক শামীম হোসাইন সোহেল এবং পৌর জামায়াতের আমীর গোলাম রব্বানীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজয় দিবসের চেতনা বাস্তব জীবনে ধারণ করার আহ্বান জানান।

