বাগেরহাটের হাড়িখালী (কাঠেরপোল) সুইচগেট এলাকায় যৌথ বাহিনীর অভিযান থেকে ৬টি ককটেল উদ্ধার করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে অভিযান চালানো হয়।
যৌথ বাহিনীর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে একটি পরিত্যক্ত ভবনের পাশে মাটি খুঁড়ে প্লাস্টিকের বালিতে এসব ককটেল মজুত ছিল। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নির্বাচনের আগের দিন বা নির্বাচনের দিনে নাশকতার উদ্দেশ্যে ককটেলগুলো রাখা হয়েছিল। উদ্ধারকৃত ককটেল নিষ্ক্রিয় করতে র্যাবের বোম্ব ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে। আমরা এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছি। পাশাপাশি পুরো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।”

