রাজশাহীর বাঘায় সিএনজি এবং ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে বাঘা-লালপুর সড়কের চন্ডিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, লালপুরের নওপাড়া গ্রামের সিএনজি ড্রাইভার যাত্রী নিয়ে বাঘার দিকে আসছিলেন। চন্ডিপুরের হযরত আলীর বাড়ির সামনে সিএনজি এবং বাঘা থেকে আসা ভটভটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই দুজন মারা যান, হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন সিএনজি ড্রাইভার শরিফুল ইসলাম (৪৫), যাত্রী বিধান দাস (৫৫) ও রকেনা বেগম (৯০)। আহত হয়েছেন শাহাজান আলী (৩৫) এবং সীমা বেগম (৫০), যাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন জানান, সকালবেলার ঘন কুয়াশার কারণে উভয় যান একে অপরকে দেখতে পায়নি, যার ফলে সংঘর্ষ ঘটে। বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, সিএনজি পাঁচ যাত্রী নিয়ে আসার সময় মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে এবং লাশ থানায় নেওয়া হয়েছে।

