সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মৌলভীবাজার জেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
শনিবার (১৪ মার্চ) সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন তৌহিদুজ্জামান পাভেল। অভিযানের অংশ হিসেবে শহরের বিভিন্ন সড়ক, ড্রেন, খাল এবং আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় বাসাবাড়ি,দোকানপাট এবং আশপাশের পরিবেশে জমে থাকা পানি পরিষ্কার রাখতে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হয়। পাশাপাশি ডেঙ্গুর ঝুঁকি,লক্ষণ এবং প্রতিরোধের উপায় সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয়। মশার প্রজননস্থল ধ্বংসে বাড়ির আঙিনা,ছাদ ও আশপাশ পরিষ্কার রাখার জন্যও আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়,ডেঙ্গু একটি মশাবাহিত রোগ,যা মূলত এডিস মশার মাধ্যমে ছড়ায়। তাই এডিস মশার বিস্তার রোধে বাড়ির আশপাশে কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়ার জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন মো. বিল্লাল হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রুবেল মাহমুদসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি,বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং সাধারণ জনগণও এতে অংশ নেন।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে। বাসাবাড়ির ছাদ, ফুলের টব, পুরোনো টায়ার,পানির ট্যাংক,ফ্রিজের ট্রে কিংবা যেকোনো স্থানে তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিনি সবাইকে “তিন দিনে একদিন,বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন” এই বার্তাটি মনে রেখে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।

