মিরপুরের পল্লবী এলাকায় অবস্থিত প্যারিস খাল সংরক্ষণ ও পরিচ্ছন্নতার জন্য নতুন কার্যক্রম উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সোমবার (২ মার্চ) বেলা ১১টার দিকে তিনি অনুষ্ঠানের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। তিনি জানান, খালের দুই পাশে এখনও অবৈধ বসতি থাকায় এই মুহূর্তে খনন কাজ করা সম্ভব হচ্ছে না। তবে ঈদের পর স্থানীয়দের সঙ্গে আলোচনা করে খালের খনন কাজ শুরু করা হবে।
প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, “অবৈধ দখলের কারণে প্যারিস খালটি হারিয়ে যাচ্ছে। এর ফলে মিরপুরের বড় অংশে জলাবদ্ধতা দেখা দেয়। খাল সংরক্ষণ বর্তমান সরকারের অগ্রাধিকার।”
অপরদিকে খালপাড়ের বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তারা ওই এলাকায় বসবাস করছেন। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা হলে খোলা আকাশের নিচে তাদের জন্য ‘ঠাঁই’ নেয়ার সমস্যা তৈরি হবে।

