চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী (চিংড়ি প্রতীক) আবদুল হান্নান ও বিএনপি প্রার্থী (ধানের শীষ প্রতীক) হারুনুর রশিদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।
এই ঘটনায় আবুল কাশেম (৩৬) ও আল আমিন (২৬) নামক দুজনকে আটক করে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান।
পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচারণার সময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে হঠাৎ উত্তেজনা সৃষ্টি সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় আনুমানিক ১৫ থেকে ২০ জন আহত হন। সংঘর্ষের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, উভয় প্রার্থী থেকে লিখিত অভিযোগ নেয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে বলে উনি আশ্বস্ত করেছেন।

