আশার আলো সোসাইটি, সহায় ও নারী মৈত্রীর উদ্যোগে শহর সমাজসেবা কার্যালয়–৬ (মোহাম্মদপুর) এলাকায় গৃহকর্মী ও হিজরা জনগোষ্ঠীর সরকারি সেবা গ্রহণ সংক্রান্ত এক সার্ভে প্রতিবেদনের ফলাফল নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কার্যালয়–৬ এর সমাজসেবা অফিসার জনাব সাইফুল ইসলাম। এছাড়া কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা সভায় অংশ নেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাসরিন সিরাজ এ্যানি, উইমেনস উইন্ডোসের নির্বাহী প্রধান মুশফিকা লাইজু এবং আদাবর থানার একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। সভায় সভাপতিত্ব করেন নারী মৈত্রীর নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. মোমতাজ খানম।

সভায় সার্ভে প্রতিবেদন উপস্থাপন করেন আশার আলো সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার মো. সানোয়ার হোসেন। প্রতিবেদনে গৃহকর্মী ও হিজরা জনগোষ্ঠীর সেবা গ্রহণে প্রধান প্রতিবন্ধকতা হিসেবে উঠে আসে—জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্রের অভাব, স্থায়ী ঠিকানা না থাকা, শিক্ষার ঘাটতি, সামাজিক বৈষম্য, সেবা গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণার অভাব এবং ঘন ঘন বাসস্থান পরিবর্তনের সমস্যা।
মতবিনিময় সভায় সেবা গ্রহণ সহজ ও অন্তর্ভুক্তিমূলক করতে বেশ কয়েকটি সুপারিশ করা হয়। এর মধ্যে রয়েছে—বিলবোর্ড, পোস্টার, লিফলেট ও মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি, স্থানীয় সংগঠন ও এনজিওর সম্পৃক্ততা, নিয়মিত সমন্বয় সভা আয়োজন, হিজরা কমিউনিটির প্রতিনিধি যুক্ত করা, কর্মকর্তা-কর্মচারীদের জন্য সংবেদনশীলতা প্রশিক্ষণ এবং হিজরা-বান্ধব হেল্পডেস্ক স্থাপন।

প্রধান অতিথির বক্তব্যে জনাব সাইফুল ইসলাম বলেন, সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র থাকা বাধ্যতামূলক। তিনি জানান, সমাজসেবার কার্যক্রম প্রচারে নিয়মিত মাইকিং ও অন্যান্য প্রচার কার্যক্রম চালু রয়েছে। পাশাপাশি তিনি আশ্বাস দেন, অচিরেই ওয়ার্ডভিত্তিক গুরুত্বপূর্ণ স্থানে সেবা সংক্রান্ত সমন্বিত সিটিজেন চার্ট স্থাপন করা হবে এবং স্থানীয় এনজিও ও কমিউনিটির মধ্যে ফোকাল পয়েন্ট নিয়োগ দেওয়া হবে। সভায় অংশগ্রহণকারীরা সরকারি সেবা আরও সহজলভ্য ও প্রান্তিক জনগোষ্ঠীবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন।


