প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিকে স্বাগত জানিয়েছে চীন। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে বৈঠক শেষে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের এ তথ্য জানান।
দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এই বৈঠকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। বৈঠকে তিস্তা প্রকল্পসহ দুই দেশের বিভিন্ন সহযোগিতামূলক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান রাষ্ট্রদূত।
তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে আশাবাদ প্রকাশ করলেও, নতুন সরকার এ বিষয়ে কতটা অগ্রসর হবে তা নিয়ে নির্দিষ্ট মন্তব্য করেননি তিনি। একই সঙ্গে তিনি বলেন, এ অঞ্চলে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিপরীতে চীন সবসময় জনগণের কল্যাণে কাজ করতে চায়।
বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক এবং রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। চীন নতুন সরকারের সঙ্গে স্থিতিশীল উন্নয়ন ও সহযোগিতা জোরদার করতে আগ্রহী বলেও জানান তিনি।
এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলে উল্লেখ করে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, শিগগিরই এই সফর বাস্তবায়িত হবে।

