নড়াইলের কালিয়া উপজেলায় ট্রলির ধাক্কায় লিমন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিমন ওই গ্রামের কৃষক ইকরামুল ফকিরের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট। স্বজনরা জানান, সকালে কালডাঙ্গা গ্রামের সড়ক দিয়ে একটি ট্রলি যাওয়ার সময় রাস্তায় থাকা শিশু লিমনকে ধাক্কা দেয়। এতে তার মাথা, নাক ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল আলম জানান, আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

