অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। এতে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ২০২৪ ও ২০২৫ সালের ৩০ জুনের সম্পদ তালিকাও অন্তর্ভুক্ত।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ এবং তাদের স্ত্রী বা স্বামীর ৩০ জুন, ২০২৪ ও ৩০ জুন, ২০২৫ তারিখের সম্পদ বিবরণী প্রকাশ করা হলো।
২০২৪ সালের ৩০ জুন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আর্থিক সম্পদ ছিল ১৩ কোটি ১৮ লাখ ৭১ হাজার ৪৩৩ টাকা। নন-ফাইনান্সিয়াল সম্পদ ২০ লাখ ৯২ হাজার ৫০০ টাকা, এবং দেশের বাইরে থাকা সম্পদ ৬১ লাখ ৭৫ হাজার ৭৪০ টাকা। মোট সম্পদ ছিল ১৪ কোটি ১ লাখ ৩৯ হাজার ৬৭৩ টাকা।
এক বছর পর ২০২৫ সালের ৩০ জুন তার আর্থিক সম্পদ বেড়ে দাঁড়ায় ১৪ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার ৪০১ টাকা। নন-ফাইনান্সিয়াল সম্পদ ২১ লাখ ৬ হাজার ২৫০ টাকা এবং দেশের বাইরে থাকা সম্পদ ৬৪ লাখ ৭৩ হাজার ৪১৪ টাকা। মোট সম্পদ ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৬৫ টাকা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্পদের বৃদ্ধির কারণ হিসেবে সঞ্চয়পত্র নগদায়ন, সঞ্চয়ী/মেয়াদী আমানত বৃদ্ধি এবং উত্তরাধিকারের মাধ্যমে শেয়ার প্রাপ্তি উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মধ্যে অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার সরকারের সব উপদেষ্টার সম্পদের বিবরণ প্রকাশ করা হবে। তবে নির্বাচনের আগে এ তথ্য প্রকাশ্যে আসায় তা সমালোচনার প্রেক্ষাপটও তৈরি করেছে।








