রিপন মারমা কাপ্তাই রাঙ্গামাটি
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং সরকারি বরাদ্দে অনিয়মের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। রিলিফের চাল বিতরণে নয়ছয় এবং এডিবি প্রকল্পের অর্থ সুষম বণ্টন না করার অভিযোগে সোমবার (৩০ মার্চ) কাপ্তাই উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
সোমবার দুপুরে কাপ্তাই উপজেলার প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কয়েকশ নেতাকর্মী অংশ নেন।বক্তারা তাদের বক্তব্যে মূলত দুটি সুনির্দিষ্ট দুর্নীতির বিষয় তুলে ধরেন, সরকারিভাবে বরাদ্দকৃত ৫ টন চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ।
এডিবির ৮০ লাখ টাকা ব্যয়ের উন্নয়ন প্রকল্পে কাজ সুষম বণ্টন না করে একটি বিশেষ চক্রের মাধ্যমে ভাগ-বাটোয়ারা করা। কাপ্তাই উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ ইব্রাহিম হাবিব মিলুর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তারা বলেন, “দলের নাম ভাঙিয়ে একটি কুচক্রী মহল সরকারি বরাদ্দ লুটপাটে মেতেছে। তারা বৈষম্য তৈরি করে তৃণমূল কর্মীদের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র করছে। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল রাজপথে ছিল এবং আছে। কাপ্তাইয়ের মাটিতে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন,উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হাছান চৌধুরী রক্সি,যুগ্ম আহবায়ক সুমন মারমা,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম, কাপ্তাই উপজেলা ছাত্রদলের সিঃ যুগ্ম আহবায়ক মোঃ সাহাদাত হোসেন, কর্ণফুলী ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিয়াজ উদ্দিন আকাশসহ বিভিন্ন ইউনিয়ন যুবদল ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা দলের প্রভাব খাটিয়ে সরকারি সম্পদ ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম অব্যাহত থাকলে দাঁতভাঙা জবাব দেওয়ার ঘোষণা দেন নেতৃবৃন্দরা।

