আবু জাফর বিশ্বাস,
বরিশালে জামিন মঞ্জুরকে কেন্দ্র করে আদালত চত্বরে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এস এম সাইদুর রহমান লিংকন-কে আটক করেছে মহানগর কোতোয়ালি থানা-পুলিশ।
বুধবার (দুপুর ১২টা) নিজ চেম্বার থেকে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাৎক্ষণিকভাবে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে মঙ্গলবার বিকেলে এক আওয়ামী লীগ নেতার জামিন মঞ্জুরকে কেন্দ্র করে কিছু বিএনপিপন্থী আইনজীবী বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালত-এ প্রবেশ করে এজলাসে ভাঙচুর চালান। আদালতের ভিডিও ফুটেজে আইনজীবী সমিতির সভাপতি লিংকনকেও উপস্থিত দেখা গেছে।
গ্রেপ্তারের পর তাকে আদালতের গারদখানায় রাখা হলে বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালত চত্বরে সেনাবাহিনী, র্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আইনজীবীদের দফায় দফায় বাগ্বিতণ্ডার ঘটনাও ঘটে।
বরিশাল জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হাফিজ আহমেদ বাবলু বলেন, বিস্ফোরক মামলার আসামিদের জামিন জেলা জজ আদালত থেকে দেওয়ার বিধান থাকলেও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাদের নিম্ন আদালত থেকেই জামিন দেওয়া হচ্ছে। এ নিয়ে আইনজীবীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
তিনি আরও জানান, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারকের অপসারণ দাবি করা হচ্ছে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আদালত বর্জনের কর্মসূচি চলবে।
এদিকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানুন উল ইসলাম বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং আটক আইনজীবী নেতাকে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

