আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে রাতের আঁধারে শতবর্ষী দক্ষিণেশ্বর কালী মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভূবন সাহার কাচারি এলাকায় এ ঘটনা ঘটে।
মন্দির কর্তৃপক্ষ জানায়, রাতের বেলায় একদল দুর্বৃত্ত হঠাৎ মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে ভাঙচুর চালায়। এতে মন্দিরের একটি কালীমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে হিন্দু-মুসলিমদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান। বহিরাগত দুর্বৃত্তরা উদ্দেশ্যমূলকভাবে এ ঘটনা ঘটিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করেছে।
ঘটনার পরপরই বাউফল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। পুলিশ আরও জানায়, সিআইডির বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করবে এবং মন্দির প্রাঙ্গণে ফরেনসিক পরীক্ষা চালানো হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শক্রমে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। একটি কালীমূর্তি ভাঙা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

