বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা-৩ শাখার এক পত্রে এই তথ্য জানানো হয়েছে। প্রথম পর্যায়ে ৫৪টি জেলায় এ কর্মসূচি শুরু হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় ‘দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচি উদ্বোধন করবেন। পাশাপাশি বাকি ৫৩টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যরা এ কার্যক্রম উদ্বোধন করবেন।
এই কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ জনগণের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। ফলে ভূ-উপরিস্থ পানির পরিমাণ বেড়ে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতাও কমবে, যা খরা, বন্যা ও জলাবদ্ধতা কমাতে সহায়ক হবে।

