আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচার আগামীকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে।
নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচার কার্যক্রম বন্ধ করতে হয়। সেই অনুযায়ী গত ২২ জানুয়ারি শুরু হওয়া নির্বাচনী প্রচার নির্ধারিত সময়েই শেষ হচ্ছে।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার পর নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও প্রার্থীদের কোনো ধরনের প্রচার চালানো যাবে না।
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।
শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনের নির্বাচন বাতিল করা হয়েছে। ফলে মোট ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হবে।
এবারের নির্বাচনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এর মধ্যে
- পুরুষ ভোটার: ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন,
- নারী ভোটার: ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন,
- তৃতীয় লিঙ্গের ভোটার: ১ হাজার ২২০ জন।
ইসির তথ্য অনুযায়ী, ঝালকাঠি-১ আসনে সর্বনিম্ন ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন ভোটার এবং গাজীপুর-২ আসনে সর্বোচ্চ ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন ভোটার রয়েছেন।
এ নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। মোট প্রার্থী সংখ্যা প্রায় ২ হাজার।
ঢাকা-১২ আসনে সবচেয়ে বেশি ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে পিরোজপুর-১ আসনে সবচেয়ে কম—মাত্র ২ জন প্রার্থী রয়েছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ আরও জানান, সারা দেশের ২৯৯টি আসনে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে।
নির্বাচনী দায়িত্ব পালনে নিয়োজিত থাকবেন প্রায় ৮ লাখ কর্মকর্তা। আর ভোটের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন।

