মোহাম্মদ মাসুদ মজুমদার,
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এর প্রথম সহ-সভাপতি ও দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান দেশের জাতীয় অর্থনীতি ও পোশাক খাতের টেকসই উন্নয়নের জন্য নবনির্বাচিত জনপ্রতিনিধিদের অভিজ্ঞতা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে শিল্পবান্ধব নীতি প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেছেন।
রাজধানীর আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত বিজিএমইএ ২০২৬-এর ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে পোশাক খাত থেকে নির্বাচিত মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যদের সম্মানে তিনি এই অভিমত ব্যক্ত করেন।
সেলিম রহমান বলেন, “পোশাক খাত দেশের শিল্পের প্রাণ এবং জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। ত্রয়োদশ জাতীয় সংসদে আমাদের পোশাক শিল্প পরিবারের যে সদস্যরা নির্বাচিত হয়েছেন, তাদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা শিল্প ও বাণিজ্যবান্ধব নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৈশ্বিক ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাদের সরাসরি সহযোগিতা ও নীতিগত সমর্থন একান্ত প্রয়োজন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ মোট ১৭ জন জনপ্রতিনিধিকে সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য, কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমানের সুযোগ্য উত্তরসূরি হিসেবে সেলিম রহমান বর্তমানে গ্রুপটির নেতৃত্ব দিচ্ছেন। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি তিনি বিজিএমইএ-র প্রথম সহ-সভাপতি হিসেবে দেশের পোশাক খাতের উন্নয়ন ও আন্তর্জাতিক বাজারে সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে বিজিএমইএ নেতারা আশা প্রকাশ করেছেন, পোশাক খাতের সঙ্গে সম্পৃক্ত এই জনপ্রতিনিধিরা সংসদে শিল্পের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবেন এবং রফতানি সক্ষমতা জোরদারে সহায়ক নীতি প্রণয়নে অগ্রণী হবেন।

