মোঃ জালাল হোসেন, ক্রাইম রিপোর্টার:
রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার সামনে পদ্মা নদী থেকে আহাদ আলী কাজল (৩৫) নামে এক নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৩টার দিকে স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
নিহত আহাদ আলী কাজল চাঁপাইনবাবগঞ্জ জেলার চর বাগডাঙ্গা এলাকার মৃত ফিরোজ আলীর ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। গত ৩ জানুয়ারি ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ৩ জানুয়ারি কাজল এক সহকর্মীর সঙ্গে ব্যবসার কাজে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় ওই দিনই তার পরিবার চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।
মঙ্গলবার বিকেলে গোদাগাড়ী থানা সংলগ্ন পদ্মা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গোদাগাড়ী নৌ পুলিশ ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের একটি দল উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহটি কাজলের বলে শনাক্ত করেন।
পরিবারের দাবি— এটি পরিকল্পিত হত্যা
নিহতের ছোট ভাইসহ পরিবারের সদস্যদের অভিযোগ, আহাদ আলী কাজলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের দাবি, গত ৩ জানুয়ারি রাতে তাকে অপহরণ বা প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে।
নিহতের ছোট ভাই বলেন, “আমার ভাইকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

