মাগুরায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রির দায়ে মেসার্স জেনারেল গ্যাস হাউজের মালিক সৈয়দ খাইরুজ্জামানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার বেলা সাড়ে ১২টার দিকে শহরের দোয়ারপাড়া এলাকায় হাউজের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ গ্যাস মজুদ রাখার সঙ্গে সরকারি দামের চেয়ে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়া যায়। এছাড়া পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকা এবং লাইসেন্স অনুযায়ী সঠিক কাগজপত্র না দেখানোর কারণে অর্থদণ্ড আরোপ করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকার নির্ধারিত ১২ কেজি এলপি গ্যাসের মূল্য ১,২৫৩ টাকা হলেও প্রতিষ্ঠানটি প্রতি সিলিন্ডার ৮০ টাকা বেশি দামে বিক্রি করছিল।
মাগুরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, “সরকার নির্ধারিত দামে গ্যাস বিক্রি করার জন্য সকল প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

