শাওন বেপারী, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে ঢাকা-ভাঙ্গা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। এতে অন্তত ৬ জন যাত্রী আহত হয়েছেন।
শনিবার (৪ এপ্রিল) সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটে তস্তারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোল্ডেন লাইন পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪-৮৬৮৫) একটি যাত্রীবাহী বাস তস্তারকান্দি এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের ওপর উঠে যায়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় বাসটি স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি গতিতে চলছিল। স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, সকালে হালকা বৃষ্টি হওয়ায় সড়ক পিচ্ছিল ছিল। হঠাৎ বাসটি দুলতে দুলতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ওপর উঠে যায়। এ সময় যাত্রীদের চিৎকারে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।
আরেক প্রত্যক্ষদর্শী সুমন মোল্লা জানান, দুর্ঘটনার সময় একটি বিকট শব্দ হয়। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। কয়েকজন যাত্রী মাথা ও হাতে আঘাত পেয়েছেন বলে তিনি জানান।
একজন পথচারী বলেন, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
পদ্মা সেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম (পিপিএম) জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকা এবং অতিরিক্ত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ ঘটনায় কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি রেকারের মাধ্যমে সরিয়ে শিবচর হাইওয়ে থানায় নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

