ঢালিউড পাড়ায় গত কয়েকদিন ধরেই সবচেয়ে বড় প্রশ্ন—আবারও কি মা হতে চলেছেন শবনম বুবলী? শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে একটি ব্র্যান্ড শপের উদ্বোধনী অনুষ্ঠানে বুবলীর উপস্থিতি সেই গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে। সাদা রঙের একটি ফ্লোর টাচ গাউনে হাজির হওয়া বুবলীর কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর নেটিজেনরা দাবি করছেন, তার ‘বেবিবাম্প’ স্পষ্ট বোঝা যাচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের কৌতূহলী প্রশ্নের মুখে পড়েন এই নায়িকা। শারীরিক পরিবর্তন এবং মা হওয়ার গুঞ্জন নিয়ে সরাসরি ‘হ্যাঁ’ বা ‘না’ কোনোটিই বলেননি তিনি। বরং স্বভাবসুলভ কৌশলী উত্তর দিয়ে ধোঁয়াশা আরও বাড়িয়ে দিয়েছেন।
তিনি বলেন, “আপনাদের আমি দোষ দেই না, কারণ আপনারা নিউজ করবেন এটাই স্বাভাবিক এবং অডিয়েন্সের আগ্রহ থাকবেই। তবে সবকিছুরই তো একটা স্থান-কাল-পাত্র আছে। আজ যেহেতু একটি ব্র্যান্ডের উদ্বোধনে এসেছি, তাই বিষয়টি আপাতত ন্যাচারাল থাকুক। যেদিন আমার কোনো প্রোগ্রাম হবে, সেদিন আমি সব বলব।”
বুবলীর এই রহস্যময় মন্তব্যের মাঝেই নতুন খবর চাউর হয়েছে যে, তিনি খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন। চলচ্চিত্র সংশ্লিষ্ট মহলে গুঞ্জন রয়েছে। শোনা যাচ্ছে, শাকিব খানের পরামর্শেই দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার জন্য মার্কিন মুলুক বেছে নিয়েছেন বুবলী। বুবলীর সন্তান জন্মদানের সময় শাকিব খানও সেখানে তার পাশে থাকতে পারেন।
দীর্ঘদিনের দূরত্ব কাটিয়ে গত বছর নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে ছেলে বীরসহ এই জুটির ঘোরাঘুরির ছবি ভাইরাল হয়েছিল। তখন থেকেই তাদের পুনরায় এক হওয়ার আলোচনা শুরু হয়।
সোশ্যাল মিডিয়ায় বুবলীর হাঁটাচলা এবং শারীরিক ভঙ্গি নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। অনেকে মনে করছেন, বুবলী তার আগের সন্তান বীরের জন্মের সময়ের মতোই এবারও বিষয়টি শুরুতে গোপন রাখছেন এবং উপযুক্ত সময়ে চমক দেবেন। ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিং থেকে তার বিরতি নেওয়া এই সন্দেহকে আরও পোক্ত করেছে।

