আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। এই মিশনে দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
ফিফার সঙ্গে আলাপচারিতায় ভিনিসিয়ুস বলেন, জাতীয় দলে তার দায়িত্ব এখন আগের চেয়ে অনেক বেশি। তিনি জানান, আগে তিনি উদীয়মান খেলোয়াড় হিসেবে খেললেও এখন দলের আক্রমণভাগে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তার কাঁধে।
গত কাতার বিশ্বকাপের হতাশার কথা স্মরণ করে তিনি বলেন, শক্তিশালী দল থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছানো যায়নি। তবে এবার দল হিসেবে নিজেদের প্রমাণে আত্মবিশ্বাসী তিনি।
২০২৫ সালের মে মাসে দলের দায়িত্ব নেওয়া কোচ কার্লো আনচেলত্তিকে নিয়ে ভিনিসিয়ুস বলেন, তিনি তার দেখা সেরা কোচদের একজন। আনচেলত্তির অধীনে খেলতে গিয়ে তিনি আত্মবিশ্বাস পেয়েছেন এবং দলও ইতিবাচক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।
দলের কৌশল সম্পর্কে ভিনিসিয়ুস জানান, আক্রমণ ও রক্ষণ—দুই বিভাগেই ভারসাম্য রেখে দল গড়ে তুলছেন কোচ। খেলোয়াড়দের স্বাধীনভাবে খেলতে দেওয়ার পাশাপাশি দলগত সমন্বয়ের ওপর জোর দেওয়া হচ্ছে।
আগামী ১৩ জুন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। শক্তিশালী স্কোয়াড নিয়ে শিরোপা জয়ে আশাবাদী ভিনিসিয়ুস, তবে কঠিন টুর্নামেন্টে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার কথাও উল্লেখ করেন।

